
সব মাধ্যমের স্ক্রিন রাইটারদের ঐক্যবদ্ধ করাই সংগঠনের লক্ষ্য
সূর্য আহমেদ মিঠুন | ডে-নাইট নিউজ সময়ের সঙ্গে বদলে যাচ্ছে নাটক নির্মাণ ও প্রচারের মাধ্যম। টেলিভিশনের পাশাপাশি ওটিটি, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নাটকের বিস্তৃতি ঘটছে। এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের নাম পরিবর্তন করেছে দেশের নাট্যকারদের সংগঠন ‘টেলিভিশন নাট্যকার সংঘ’। এখন থেকে সংগঠনটির নতুন নাম ‘স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।
গত ৭ নভেম্বর, শনিবার বিকেল ৫টায় রাজধানীর নিকেতনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নাট্যকার আফরিন জেসিকার সঞ্চালনায় সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সভার আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল এবং নাট্যকার বিদ্যুৎ রায়।
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন বলেন, বর্তমানে নাট্যকারদের কাজের ক্ষেত্র শুধু টেলিভিশনে সীমাবদ্ধ নেই। ওটিটি ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের সৃজনশীল কাজের বিস্তার ঘটেছে। তাই ‘টেলিভিশন নাট্যকার সংঘ’ নামটি সংগঠনের বর্তমান কর্মপরিধি ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করছিল।
তিনি জানান, টেলিভিশন, ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা সব নাট্যকার ও স্ক্রিন রাইটারকে একই সংগঠনের আওতায় নিয়ে আসাই নতুন নামকরণের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সব মাধ্যমের লেখকদের জন্য একটি অভিন্ন ও শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলতে চায় সংগঠনটি।
সভায় সংগঠনের নতুন কমিটির কার্যক্রম ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন। এ ছাড়া সংগঠনের প্রস্তাবিত নতুন গঠনতন্ত্র পাঠ করেন নাট্যকার মনসুর রহমান চঞ্চল। নতুন নাম, গঠনতন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত নাট্যকারদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
সভাপতির বক্তব্যে নাট্যকার শিহাব শাহীন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নাট্যকারদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, কপিরাইট আইনের আওতায় তাদের স্বার্থ ও মেধাস্বত্ব সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সৃজনশীল কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে নতুন কমিটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।
সভা শেষে উপস্থিত নাট্যকাররা পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের সব মাধ্যমের নাট্যকার ও স্ক্রিন রাইটারদের পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, নাম পরিবর্তনের মধ্য দিয়ে সংগঠনটি বিনোদনশিল্পের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে নিজেদের আরও সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। টেলিভিশনের প্রচলিত পরিসর ছাড়িয়ে ডিজিটাল মাধ্যমের লেখকদেরও একই পেশাগত পরিচয়ে ঐক্যবদ্ধ করার এই উদ্যোগ দেশের স্ক্রিন রাইটিং পেশার বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে